গ্রামীণ নারী ও আদিবাসীসহ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজনের জন্য ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মাথাপিছু বরাদ্দ বাড়িয়ে কমপক্ষে দ্বিগুণ করার দাবি জানিয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (এইচডিআরসি) এবং অ্যাসোসিয়েশন ফর দ্য ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এলআরডি)। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাজেট প্রক্রিয়া ও উন্নয়নে প্রান্তিক মানুষের অংশগ্রহণ এবং বাজেটে তাদের ন্যায্য বরাদ্দ’ শীর্ষক সেমিনারে এসব দাবি তুলে ধরেন বক্তারা।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে এইচডিআরসির প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, ‘নারী কৃষকদের স্বীকৃতি দিয়ে তা কার্যকরে বাজেটে বরাদ্দ দেয়া জরুরি। কৃষিক্ষেত্রে গৃহীত প্রকল্পগুলোয় নারীর জন্য কোটা রাখতে হবে। মাথাপিছু বাজেট বরাদ্দ এখনকার তুলনায় কমপক্ষে দ্বিগুণ বৃদ্ধি করা জরুরি। সেই সঙ্গে নারী-কৃষক, নারী কৃষি-শ্রমিক এবং প্রান্তিক গ্রামীণ নারী উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের পণ্য উৎপাদন ও বিপণনের সুযোগ সৃজনের জন্য কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের জন্য বাজেটীয় পদক্ষেপ নেয়া দরকার।’