নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের সীমান্তবর্তী ভুলুয়া খাল অবৈধভাবে দখলের প্রতিবাদে ও দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বেলা ১১টায় দখল হওয়া খালের অংশে ‘উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন নোয়াখালী’ নামের একটি সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

আধা ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তারা বলেন, স্থানীয় কিছু জনপ্রতিনিধি ও প্রভাবশালী লোকজন দীর্ঘদিন ধরে মেঘনা নদীর শাখা ভুলুয়া খালের বিশাল একটি অংশ দখল করে নিয়েছে। বাঁধ দিয়ে মাছের প্রজেক্ট করেছে। খালের মাঝেই নির্মাণ করা হয়েছে বসতবাড়ি। আবার ঘর-বাড়ি তৈরির জন্য ভূমিহীনদের কাছে বিক্রিও করছে। খালের দখলকৃত অংশ উচ্ছেদপূর্বক পুনঃখনন করে জীবিকা পুনরুদ্ধারের পাশাপাশি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহূত পানি সংকট থেকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে দখলকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপকূলীয় পরিবেশ রক্ষা আন্দোলন জেলা শাখার উপদেষ্টা জহিরুল ইসলাম টিটু, সভাপতি আব্দুল বারী বাবুল, সাধারণ সম্পাদক জহির উদ্দিন তুহিন, সহসভাপতি হারুন অর রশিদ, বৃক্ষপ্রেমী সাখাওয়াত উল্যাহ, প্রভাষক মিজানুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।