ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হচ্ছে আজ সকালে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও ভোটগ্রহণের আগের দিন দেশের কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—

মুন্সিগঞ্জ: জেলা সদরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীরকান্দী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, পূর্ব বিরোধে জের ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

জয়পুরহাট: বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষে জয়পুরহাটে অন্তত ৯ জন আহত হয়েছেন। তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে জয়পুরহাট কলেজসংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে।’

গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় একটি নির্বাচনী কেন্দ্রের সামনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশের দাবি, আতঙ্ক সৃষ্টি করতে কেউ কোনো পটকা জাতীয় কিছু দূর থেকে ছুড়ে মেরেছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

বাগেরহাট: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা ছয়টি হাতবোমা নিষ্ক্রিয় করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় র‌্যাবের বোমা ডিসপোজাল টিম বোমাগুলো নিষ্ক্রিয় করে। এর আগে মঙ্গলবার রাত ৩টার দিকে বাগেরহাট শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান জানান, ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ফেনী: সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি থেকে চারটি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে হকদি গ্রামের একটি খামার থেকে সেনাবাহিনীর অভিযানে এ অস্ত্র উদ্ধার করা হয়। ফেনীর সেনা ক্যাম্পের ইনচার্জ মেজর শাহরিয়ার জানান, উদ্ধার করা পিস্তল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

নওগাঁ: জেলার বদলগাছীতে মুদি দোকানের সামনে থেকে ছয়টি ককটেল ও পেট্রল বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সকালে উপজেলার ঝাড়ঘগিয়া গ্রাম থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পরে বোমা ডিসপোজাল ইউনিট গিয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। বদলগাছী থানার ওসি লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।