নরসিংদীতে প্রেস ব্রিফিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। গতকাল বিকালে নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সমন্বয়ক তাজরিয়ান পৌষন ভূইয়া, সনো সায়েদ সোহান, জান্নাতুল মালিহা ও সাজীম ফারাজী।

সমন্বয়করা জানান, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। নরসিংদীতে ছাত্র আন্দোলনে এ পর্যন্ত ২২ জন নিহত হওয়ার খবর তারা পেয়েছেন। পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাদের স্মরণে ছাত্রসমাজের তরফ থেকে স্মৃতিফলক তৈরি করা হবে। তাদের চলমান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার জুমার নামাজের পর নরসিংদীর সব মসজিদে নিহতদের জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সংখ্যালঘুদের বাড়িঘর ও উপাসনালয়ে কেউ যাতে ভাংচুর করতে না পারে, সেজন্য রাতে পাহারা দেয়ারও আহ্বান জানিয়েছেন তারা।

পুলিশ প্রসঙ্গে সমন্বয়করা বলেন, ‘সব পুলিশ খারাপ নয়, যারা প্রকৃত দোষী শুধু তাদেরই খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এছাড়া নরসিংদীতে ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের যেসব নেতাকর্মী হামলা করেছে, গুলি চালিয়েছে তাদেরও তালিকা তৈরি করে বিচারের আওতায় আনতে হবে।’

প্রেস ব্রিফিং শেষে তারা নরসিংদী জেলখানা মোড় তাহমিদ চত্বর থেকে নরসিংদী সরকারি কলেজ পর্যন্ত বিজয় মিছিল করে জাতীয় সংগীত গেয়ে দিনের কর্মসূচি শেষ করেন।