ফেনীতে অস্ত্রসহ যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তার নাম মিজানুর রহমান (৪০)।

রোববার (২০ এপ্রিল) ভোরে নিজ বাড়ি থেকে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে সেনাবাহিনী। তবে মিজানের পরিবারের দাবি, ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে অস্ত্র দিয়ে ফাঁসানো হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সোনাগাজী ক্যাম্প ইনচার্জ আলিফ আল গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে লন্ডনিপাড়া এলাকায় রোববার ভোরে অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা৷ এ সময় তাকে একটি বন্দুক ও একটি ম্যাগাজিনসহ আটক করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তবে আটককৃত মিজানের ভাই এম ফখরুল ইসলাম জানান, দীর্ঘদিন আমাদের প্রতিবেশীর সঙ্গে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। তারা আমাদের ঘরের বারান্দায় খোলা জায়গায় অস্ত্রটি রেখে সেনাবাহিনীকে খবর দিয়ে আমার ভাইকে ফাঁসিয়েছে। আমরা ষড়যন্ত্রের বিচার চাই।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বায়েজিদ আকন জানান, সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে এর আগে গণঅভ্যুত্থানের সময়ের একটি মামলা ছিল। অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলা রেকর্ড করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।