ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীরামপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিটন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লিটন ওই গ্রামের আজিজুল হোসেনের ছেলে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, শ্রীরামপুর গ্রামের মজনু মিয়ার জমির মাষকলাইখেত তছনছ করে প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় চায়ের দোকানে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে গেলে তাকে পিটিয়ে আহত করে মালেক ও তার লোকজন। সেখান থেকে গুরুতর আহত লিটনকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মালেক ও তার পরিবারের লোকজন।

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।