ঢাকার আশুলিয়ায় চলন্ত একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বারইপাড়া এলাকায় এ আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আগুনের খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উপ-সহকারী পরিচালক) মো. আলাউদ্দিন জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখি লেনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

স্থানীয়রা আমাদের জানিয়েছেন দুর্বৃত্তরা বাসের পেছনের দিকে আগুন লাগিয়ে দিলে যাত্রীরা বাস থেকে নেমে যায়। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোমেনুল ইসলাম বলেন, বাসে অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে। এই ঘটনায় বাসের মালিক মামলা করবেন বলে জানা গেছে।