ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল তিনবিঘা করিডর পরিদর্শন করেছেন। এ সময় তিনি দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সঙ্গে বৈঠক করেন। ফলে তিনবিঘা করিডর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা চলাচল ২ ঘণ্টার জন্য বন্ধ ছিল।
স্থানীয়রা জানিয়েছেন, বৈঠককে ঘিরে বিএসএফ তিনবিঘা করিডরের গেটসহ চারদিকে ১০-১১ ফুট উচ্চতার সাময়িক প্রাচীর তৈরি করে। প্রাচীরের বাইরে চারদিকে কড়া নিরাপত্তা পাহারা বসানো হয়। তিনবিঘা করিডরের জেব্রা ক্রসিংয়ের নিকটবর্তী আম্রকাননে বিএসএফের সঙ্গে বৈঠকে বসেন অমিত শাহ।
বিষয়টি নিশ্চিত করে তিস্তা ব্যারাজ ৫১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আজমল হোসেন খান বলেন, তিনবিঘা করিডরে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবির সঙ্গে বৈঠক করেছে।
বৈঠক চলাকালে তিনবিঘা করিডর দিয়ে দহগ্রাম ইউনিয়নের সঙ্গে যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ সময় প্রয়োজন থাকলেও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের জনসাধারণ দেশের মূল ভূখণ্ডে আসা-যাওয়া করতে পারেনি।










