নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের কমিটি ঘোষণার পর প্যান্ডেলে হামলা ও মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে খালিয়াজুরী কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এ সময় কয়েক নেতাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয়।এতে তিন নেতাকর্মী আহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার দুপুরে খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি, কেন্দ্রীয় নেতা শফি আহমেদ ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল আগামী তিন বছরের জন্য খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে অ্যাডভোকেট অজিত বরন সরকার ও সাধারণ সম্পাদক হিসেবে সাদেকুর রহমান সাদেকের নাম ঘোষণা করার পর পরই পদ বঞ্চিত বিক্ষুব্ধ নেতা-কর্মী ও তাদের অনুসারীরা কেন্দ্রীয় নেতাদের সামনে বিশৃঙ্খলা, চরম হট্টগোল, চেয়ার ছুড়াছুড়ি ও ভাংচুর শুরু করে। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ পুলিশ পাহারায় মঞ্চ ত্যাগ করে। অনেক চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাদের বাদ দিয়ে জনৈক নেতার পছন্দের লোকজনকে নিয়ে কমিটি ঘোষণা কর হয়েছে। আমরা এ কমিটি মানি না এবং পরবর্তীতেও মানব না।

এ বিষয়ে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি বলেন, সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সামনে চরম হট্টগোল চেয়ার ভাংচুর অনাকাঙ্ক্ষিত।

খালিয়াজুরী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উত্তম পাল জানান, এ ঘটনায় তিন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে আসলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন, কাজল, সুব্রত ও সাদেক মিয়া। খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অনেক চেষ্টার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।