নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা তার নির্বাচনী এলাকায় জনতার মুখোমুখি হয়েছেন।

 ‘জনতার মুখোমুখি, জনতার সেবক’— স্লোগান নিয়ে বুধবার  বিকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাঁড়িগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

হবখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাদশা মোল্যার সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পৌর মেয়র আঞ্জুমান আরা প্রমুখ।

হবখালী ইউনিয়নবাসীর আয়োজনে জনতার মুখোমুখি অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা বিশেষ করে স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, ইউনিয়ন ভূমি অফিসের দুর্নীতি, এলাকার মসজিদ-মন্দিরের উন্নয়নসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা সেগুলো খাতায় লিপিবদ্ধ করে রেখে সেসব প্রশ্নের উত্তর দেন।

এদিকে গতকাল বিকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের লঞ্চঘাট মাদ্রাসামাঠে জনতার মুখোমুখি অনুষ্ঠানে হাজির হন মাশরাফি। আজ বিকালে কাশিপুর ইউনিয়নের কাশিপুর এসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠেও একই ধরনের অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন সমস্যার কথা শুনবেন মাশরাফি। পর্যায়ক্রমে তার নির্বাচনী আসনের সব ইউনিয়নে জনতার মুখোমুখি হবেন বলেও জানান এ সংসদ সদস্য।