এ লক্ষ্যে এরই মধ্যে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা ও নিবন্ধন কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে ভোট কেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণে নতুন নীতিমালা জারি করেছে ইসি।
গতকাল ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠি অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ আগস্ট, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণের শেষ তারিখ ২৪ আগস্ট এবং সংশোধন শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ৩১ আগস্ট। এ কার্যক্রম চলাকালীন মসজিদ-মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা প্রদান, স্থানীয় সাংবাদিক ও ক্যাবল অপারেটরের মাধ্যমে প্রচারের নির্দেশ দেয়া হয়েছে।
একইদিনে প্রকাশিত ইসির সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-৩) মো. রশিদ মিয়ার সই করা এক সরকারি গেজেট বিজ্ঞপ্তি অনুযায়ী, সাধারণ নির্বাচনে প্রতি দুই হাজার ভোটারের জন্য একটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এর আগে প্রতি ৪০০ পুরুষ ও ৩০০-৩৫০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ বরাদ্দ থাকত। এখন তা বাড়িয়ে যথাক্রমে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে। একই নিয়ম উপনির্বাচনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।










