মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে টিলার মাটি ধসে তিন শিশু-কিশোর নিহত হয়েছে। পাখির বাসা খুঁজতে তারা সেখানে গিয়েছিল। নিহতরা স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ও ইসলামনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুরে মাদ্রাসা বন্ধ থাকায় ইসলামনগর গ্রামের বাসিন্দা আব্দুস সালামের ছেলে নাহিদ আহমদ (১৪), তছিবুর রহমানের ছেলে সুমন আহমদ (১৫) ও আব্দুল করিমের ছেলে কবির হোসেন (৯) ভাটেরা রাবার বাগানের একটি টিলার গর্তে পাখির ছানা ধরতে যায়। এ সময় টিলার মাটি ধসে তাদের ওপর পড়ে। এ সময় ওই তিন শিশু-কিশোরের চিত্কার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসে। শিশুদের পরিবারের লোকজনসহ স্থানীয় লোকজনের সহায়তায় মাটি সরিয়ে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভাটেরা ইউনিয়ন পরিষদের সদস্য বদরুল ইসলাম বলেন, সকালে ওই এলাকায় বৃষ্টিপাত হয়। সে কারণে টিলার মাটি কিছুটা নরম ছিল। শিশুরা পাখির ছানা খুঁজতে গিয়ে মাটিচাপা পড়ে মারা যায়।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নাহিদ আহমদ ও সুমন আহমদ স্থানীয় সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসার ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর ছাত্র এবং কবির হোসেন বদরুল নুরুল ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।