বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ৩৪ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন মাদ্রাসা ছাত্র মো. সুমন মিয়া। গতকাল সকাল ৭টায় তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন সুমনের বড় ভাই জুলহাস মিয়া।
সুমন নরসিংদীর মাধবদী পৌর শহরের সিদ্দিকনগর এলাকার মৃত হাসান আলীর ছেলে। তিনি মাধবদী জালপট্টি দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
সুমনের ভাই জুলহাস মিয়া জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম দিক থেকেই সক্রিয়ভাবে অংশ নেয় সুমন। তাকে বারবার আটকানোর চেষ্টা করেও ধরে রাখা যায়নি। ২০ জুলাই মাধবদী থানার সামনে আন্দোলনরত অবস্থায় পিঠে গুলিবিদ্ধ হয় সুমন।










