ফেনীর দাগনভূঞায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এরশাদ (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন এরশাদ।
জানা গেছে, এরশাদ পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। উপজেলা শহরের মাইজ্জা হুজুরের মাজারের পাশে ফলের দোকান ছিল তার।
পারিবারিক সূত্রে জানা গেছে, সকাল থেকে ফল ব্যবসায়ী এরশাদ নিজ ঘরের পেছনে মোটর বসিয়ে পুকুর থেকে সেচ দিচ্ছিলেন। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন মোটরের পাশে তাকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিকভাবে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর কথা শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।










