পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল। বিপ্লবটি সমাপ্ত হয়নি, যদি এটি জিয়াউর রহমানের চিন্তাভাবনা অনুযায়ী সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত। তিনি বলেন, খাল খননের অসমাপ্ত কাজ তারেক রহমানের নেতৃত্ব সমাপ্ত হবে।

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছদি ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনবান্ধব সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হচ্ছে। নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে আমূল পরিবর্তন হবে।

‎এ্যানি চৌধুরী বলেন, যত বাধা বিপত্তি আসুক খাল খনন অব্যাহত থাকবে। এটা জনগণের প্রত্যাশা। এ সময় চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

‎মন্ত্রী আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ শুরু হয়ে গেছে। বর্তমান সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড দেয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। জনদাবী ও জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পর্যায়ক্রমে সকল কিছু করবে বলে তিনি জানান।

এতে ছিলেন লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক।