রাজবাড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণীর দুই ছাত্র নিহত হয়েছেন।
মঙ্গলবার(১২ মার্চ) ভোরে সদর উপজেলার কামালদিয়া-পাচুরিয়া সড়কের শান্তি নগর
এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক
পুলের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার আলিপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুর গ্রামের
আব্দুর রব মন্ডলের ছেলে সোহাগ (১৬ ) ও লালন শেখের ছেলে রাজন শেখ (১৭)।
আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, তিনদিন
আগে রাজন মোটরসাইকেল না কিনে দিলে আত্মহত্যা করবেন বলে গলায় ফাঁস নিয়েছিল।এরপর তার
বাবা-মা কিস্তিতে টাকা তুলে একটি মোটরসাইকেল কিনে দেয়।
সকালে তারা ওই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছে।
আলিপুর ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য ও নিহত সোহাগের চাচা আব্দুল আলিম বলেন, ‘সোহাগ আমার
আপন ভাজিতা। আনুমানিক সাড়ে ৬ টার সময় রাজন বাড়ি থেকে তার তিনদিন আগে কেনা মোটরসাইকেলটি
নিয়ে সোহাগে সঙ্গে বের হয়। ওরা বাড়ি ফেরার সময় রাস্তার পাশে বৈদ্যুতিক পুলের সঙ্গে
ধাক্কা লেগে মারা গেছে।’
রাজবাড়ী থানার উপ-পরিদর্শক ( এসআই ) মো. মিকাইল বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রেখেছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ চলমান আছে।










