চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী হিসেবে শপথ পাঠ করার পরপরই ঢাকার চীনা দূতাবাসের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

বার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ‘সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদার’। দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর গত ৫১ বছরে চীন ও বাংলাদেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে একে অপরের সঙ্গে আচরণ করেছে এবং পারস্পরিক লাভজনক ও ‘উইন-উইন’ সহযোগিতা এগিয়ে নিয়েছে—যা রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে একটি উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করেছে।

চীনা সরকার নতুন বাংলাদেশ সরকারকে সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনায় সমর্থন জানায় বলেও তিনি উল্লেখ করেন। লি কিয়াং বলেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত, যাতে দুদেশের বন্ধুত্ব আরো জোরদার হয়, উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ সহযোগিতা এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় সম্প্রসারিত হয়। এর মাধ্যমে চীন-বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্বকে নতুন উচ্চতায় উন্নীত করে দুদেশের জনগণের জন্য আরো বেশি সুফল বয়ে আনা সম্ভব হবে।