লালমনিরহাটে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট পিসি বা ট্যাব দেয়া হয়েছে। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। লালমনিরহাট সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর মোট ২৪ শিক্ষার্থী পেয়েছে এসব ট্যাব। চলতি মাসের মধ্যেই জেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের নবম-দশম শ্রেণীর মোট ১ হাজার ১৯ জন শিক্ষার্থীর হাতে এ ট্যাব দেয়া হবে।    

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-ভারপ্রাপ্ত) টিএমএ মমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পরিসংখ্যান অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন প্রমুখ।