নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত সাত মাইক্রোবাস যাত্রী আনন্দ ভ্রমণে সিলেট যাচ্ছিলেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) দিবাগত গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ঘাসিরদিয়া এলাকার ওই দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।

নিহতরা হলেন ঝালকাঠির রাজাপুর থানার আব্দুল গণি হাওলাদারের ছেলে আল আমিন হাওলাদার (৩৭), টাঙ্গাইলের দেলদোয়ার থানার মীর মোতাহার হোসেনের ছেলে সবুজ মিয়া (৩২), মির্জাপুরের আইয়ুব খানের ছেলে আল আমিন (২৭), মাদারীপুরের কালকিনি উপজেলার তোফায়েল হাওলাদারের ছেলে আব্দুল আউয়াল (৪০), বরিশালের মুলাদী এলাকার মুজিবুর হাওলাদারের ছেলে আরিয়ান ওরফে রায়হান (২৫), জামালপুরের সরিষাবাড়ির দুদু মিয়ার ছেলে রাজু মিয়া (৩৭) ও গাড়ি চালক মো. নাসির উদ্দিন। মুমূর্ষু অবস্থায় আহত সাকিল মিয়া (২৮), পারভেজ (৩২), সোহেল মিয়া (৩০) ও মিঠুন (২৮)-কে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, সাভারের এসবি নিটিং লিমিটেড নামে একটি পোশাক কারখানার ১১ কর্মকর্তা-কর্মচারী রাতে ঢাকা থেকে একটি মাইক্রোবাস নিয়ে সিলেট আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের ইটাখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এসবি নিটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) মীর সিহাব উদ্দিন জাকির বলেন, হতাহতরা সবাই এসবি নিটিং লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারী।

হাইওয়ে পুলিশের ইটাখোলা ফাড়ির ইনচার্জ মো. কবির হোসেন ভূঞা বলেন, রাত ২টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ-১৯-৮১৪০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে পাঁচজন ও হাসপাতালে নেওয়ার পর আরো দুজনসহ মোট সাতজন মারা গেছেন। আহতদের প্রথমে নরসিংদী সদর হাসপাতালে পরে মুমূর্ষু  অবস্থায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হপাসপাতালে পাঠানো হয়ছে।

প্রত্যক্ষদর্শী এক অটোচালক জানান, প্রবল বৃষ্টির সময় মাইক্রোবাসটি দ্রুতগতিতে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শী মামুন পরিবহনের যাত্রী মো. ইমরান আল ইসলাম জানান, ঘটনার সময় তার দেখামতে চারজন মারা যায় এবং মুমূর্ষু অবস্থায় থাকা জীবিতরা বাঁচার আকুতি জানিয়ে তার প্রতি বার বার ইশারা করতে থাকেন।

আজ শুক্রবার সকালে নিহত আল আমিনের বড় ভাই মো. আসিফ মিয়া বলেন, আমার বড় ভাই সাভার থেকে সহকর্মীদের সঙ্গে মাইক্রোবাসযোগে সিলেট যাচ্ছিলেন। রাতেও তার সঙ্গে কথা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে মরদেহ রাখা হয়েছে। ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এছাড়া শিবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।