ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৭টায় উপজেলার রামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান- বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের মোর্শেদা বেগম (৫০) ও দুদু মিয়া (৬২)। জেলা সদর হাসপাতালে মারা যান হোসনে আরা বেগম (৪৮) ও ঢাকায় নেয়ার পথে মারা যান ইব্রাহিমপুর গ্রামের ফরিদ মিয়া (৪২) ।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. শাহজালাল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিলেট অভিমুখী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ন ১৩-৮৪৪৩) বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে (ব্রাহ্মণবাড়িয়া থ ১১-২২৯৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। পরে আরও দু'জন মারা যান।
তিনি জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতের লাশ হাইওয়ে থানা থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।










