বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম. মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু চেয়েছিলেন একটি সুখি-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়তে। যেখানে থাকবে না ধনি-দরিদ্রের বৈষম্য, থাকবে না ধর্মীয় ভেদাভেদ। অথচ পঁচাত্তরে সেই একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সেই অগ্রযাত্রা নিস্তবব্ধ করে দেয়। এমনকি সেই খুনিদের রাষ্ট্রীয়ভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়েছে খুনি জিয়া ও খন্দকার মোশতাক।
গতকাল বিকালে মেহেরপুর শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এর আগে বিকাল ৩টায় সম্মেলনের উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল। সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক যুবলীগ নেতা নিশান সাবের।










