মাদারীপুরের রাজৈরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতির ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার দলীয় নেতাকর্মীদের  নিয়ে শহীদ মিনারের বেদীতে ফুল দিতে যান। একই সময় রাজৈর পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লাও তার কর্মী-সমর্থকদের নিয়ে ফুল দিতে শহীদ মিনারের বেদীতে ওঠেন। আগে ফুল দেয়াকে কেন্দ্রে করে জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুইগ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি  হয়। এ সময় শহীদ মিনারের উপস্থিত থাকা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার আসাদ বলেন, ঘটনার সময়ে শহীদ মিনারে আমরা উপস্থিত ছিলাম। হট্টগোল পুলিশের হস্তক্ষেপে ওখানেই শেষ হয়।