শিল্পক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সাইবার সিকিউরিটির গুরুত্ব নিয়ে ‘এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি ইন ইন্ডাস্ট্রি: হোয়াই অ্যাডভান্সড স্কিলস ম্যাটার’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ । সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আহমেদ ওয়াসিফ রেজা এবং সিএসই বিভাগের চেয়ারপারসন ড. মাহীন ইসলাম।

সেমিনারে প্যানেল বক্তা ছিলেন ‘নোঅটোমেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও ড. জুনায়েদ কাজী, এসিআই এআই বিজনেসের ডিরেক্টর ও সিওও মোহাম্মদ অলি আহাদ, গ্রামীণফোন লিমিটেডের হেড অফ ইনফরমেশন সিকিউরিটি মুহম্মদ শওকত আলী ও একই প্রতিষ্ঠানের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহাদাত হোসেন।

আলোচকরা আধুনিক বিশ্বে সাইবার নিরাপত্তায় হুমকি মোকাবেলা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের গুরুত্বারোপ করেন। তারা প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট কিছু ‘টুলস’ ওপর নির্ভর না করে, নিজেদের মৌলিক জ্ঞানের ভিত্তি মজবুত করার পরামর্শ দেন। ভবিষ্যৎ পেশাজীবীদের বাজার-চাহিদা অনুযায়ী দক্ষ করে তুলতে ‘আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং’ ও ‘সাইবার সিকিউরিটি’-তে মাস্টার্স কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এ সময় সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হকের সঞ্চালনায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

-বিজ্ঞপ্তি