ফেনীর সদর উপজেলার শর্শদী বাজারে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কার্যালয়ের সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বুধবারও অফিসের কাজ শেষে গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার কর্মকর্তা ও কর্মচারীরা ভবনের দ্বিতীয় তলায় ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ৩টা ৪০ মিনিটের দিকে দুর্বৃত্তরা নিচতলার সিঁড়ি কক্ষের কলাপসিবল গেটের ভেতরে আগুন দেয়।

এ সময় নিরাপত্তা প্রহরী চিৎকার শুরু করলে উপরের তলায় থাকা কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত নিচে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

IMG-20251218-WA0020

কার্যালয়ের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল পুড়ে গেছে

গ্রামীণ ব্যাংক শর্শদী শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ আগুনে সিঁড়ি কক্ষে থাকা তিনটি মোটরসাইকেল ও দুটি বসার বেঞ্চ পুড়ে যাওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দ্রুত আগুন নেভানোর কারণে আগুন ওপরের তলায় ছড়িয়ে পড়েনি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম নেয়া হবে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।