জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআরে) আর কোনো দুর্নীতিবাজকে প্রশ্রয় দেয়া হবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান আবদুর রহমান খান। আজ রোববার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এসব কথা জানান এনবিআরের নতুন চেয়ারম্যান।

দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে নতুন চেয়ারম্যান বলেন, সবচেয়ে বেশি ফোকাস পাবে এনবিআরে এ ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয় সে দিকে। প্রিভেনটিভ মেজারটা নিতে হবে। সেটাই বেশি জরুরি। এ রকম আর কোনো ফ্রাঙ্কেনস্টাইন যেন তৈরি না হয়।

তিনি বলেন- অন্যায়, অবিচার যেগুলো ধরা পড়বে, যেগুলোর ইঙ্গিত আসবে, প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে দেখবো। খুব কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। এ জায়গায় কোনো ব্যত্যয় হবে না। তবে ধীরে ধীরে সব হবে। দুর্নীতিবাজদের খুব শক্ত বার্তা দেয়া হয়েছে। যদি তারা নিজেদের পরিবর্তন করতে না পারে তাহলে তারা থাকবে না।

আইনের শাসন না থাকার কারণে এ ধরনের দুর্বৃত্ত তৈরি হয় জানিয়ে তিনি বলেন, একজন ব্যক্তি বললো সব হয়ে গেলো। আইন কানুন এক পাশে রেখে, এভাবে হবে না। আমরা নিয়ম অনুযায়ী চলবো। নিয়ম না থাকলে, নিয়ম বানাবো। কিন্তু নিয়ম বা আইনের বাইরে যাবো না। অর্থপাচার রোধে এনবিআর কাজ শুরু করছে জানিয়ে তিনি বলেন, আমরা স্ট্রংলি এটা দেখছি। তবে একটু সময় দিতে হবে। আমরা এখনই একেবারে হুড়মুড় করে পড়বো না।

আবদুর রহমান খান আরো বলেন, পলিসিগত সমস্যার কারণে অর্থনৈতিক অঞ্চলগুলোতে কাঙ্ক্ষিত বিনিয়োগ পাওয়া যায়নি। এখানে পরিবর্তন আনতে হবে। এনবিআরের নেতিবাচক ইমেজ আছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। গণ-অভ্যুত্থানের যে স্পিরিট দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার, সেটা আমাদের ধারণ করতে হবে।

তিনি বলেন, আমাদের ইমেজ সংকট আছে যে, আমরা তথ্য ঠিকভাবে সংগ্রহ করতে পারি না, বাংলাদেশ ব্যাংক বা অডিট অধিদপ্তরের সঙ্গে আমাদের তথ্যে গরমিল দেখা যায়। এখন থেকে এই বৈষম্য দূর করা হবে। আইবাস থেকে তথ্য প্রক্রিয়ার মাধ্যমে এখন থেকে সমন্বিত তথ্য পরিবেশন করা হবে। রাজস্ব আহরণের একটাই ফিগার হবে।

আবদুর রহমান খান বলেন, আমাদের আইনে কিছু দুর্বলতা আছে। আইন প্রয়োগেও কিছু দুর্বলতা ও ঘাটতি আছে। সে কারণে আমাদের  রাজস্ব আদায় কম হচ্ছে। সেখানেও কাজ করতে হবে। কালো টাকা সাদার প্রসঙ্গে তিনি বলেন, আমার ব্যক্তিগত অভিমত হল এটা অত্যন্ত অশোভন কাজ। কালো টাকা সাদা করার মাধ্যমে দুর্নীতিকে স্বীকার করে নিচ্ছি। সৎ কর্মকর্তাকে ডিমোরালাইজড করছি। আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করি।