জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে ৭৯ সদস্যবিশিষ্ট ব্যবস্থাপনা কমিটি অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মো. নূরুল আলম বণিক বার্তাকে এ খবর নিশ্চিত করেছেন।

আজ রোববার বিকেলে ভাইস চ্যান্সেলরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। ভিসি জানান, ষষ্ঠ সমাবর্তন আয়োজনের জন্য এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে চ্যান্সেলর তথা রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি যে তারিখ নির্ধারণ করবেন, সেদিনই সমাবর্তন হবে। আজ ব্যবস্থাপনা কমিটি অনুমোদন হয়েছে। এটি পুরো প্রক্রিয়ার অগ্রগতির অংশ।

সদ্য অনুমোদিত কমিটির সঙ্গে সিন্ডিকেট আরো ৪ থেকে ৫ জনের নাম সুপারিশ করেছে। এ কমিটি সমাবর্তন আয়োজনের জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পন্ন করবে। আর চ্যান্সেলরের সম্মতির জন্য শিক্ষামন্ত্রীর সঙ্গেও কথা হয়েছে বলে জানালেন ভিসি। কাঙ্ক্ষিত সময়েই ষষ্ঠ সমাবর্তন সম্পন্ন করার আশা তার।
প্রসঙ্গত, প্রতিষ্ঠার ৫১ বছরে বিশ্ববিদ্যালয়টিতে মোট সমাবর্তন হয়েছে ৫টি। সর্বশেষ ২০১৫ সালে অনুষ্ঠিত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন।