পটুয়াখালীর কলাপাড়ায় তাবলিগ জামাতের ১৫ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বত্তরা। তাদের মধ্যে গুরুতর অসুস্থ আটজনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে উপজেলার মহীপুর সদর ইউনিয়নের ইসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠে। রাতের খাওয়া-দাওয়াশেষে তারা ঘুমিয়ে পড়লে কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি। এ সময় স্থানীয়রা দেখতে পান, তাদের মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছে। মহীপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আগুনে পুড়ল পাঁচ দোকান: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ হাবিব আকনের হোটেল থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুনে পুড়ে যায় পাঁচটি দোকান। পরে রাত ৪টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি।










