বুধবার দুপুরে বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ৭ জুন সকাল ৭টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন মো. চানমিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। নিহত চানমিয়া নিজেও একজন বাসচালক ছিলেন।

পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ জানান, ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে বাসচাপায় মৃত্যু হয় তাদের। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন।

মামলার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে জোয়ানা পরিবহনের একটি বাস শনাক্ত করা হয়। ওই বাসের চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। তাকে গ্রেফতার পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।