জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে জানাজা নামাজ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

জানাজার শুরুতেই মরহুমা দিলারা হাফিজের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের পক্ষে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মরহুমার স্বামী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

এ সময় জানাজায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি তিনি তার সহধর্মিণীর সঙ্গে দীর্ঘ ৫৬ বছরের সফল দাম্পত্য জীবনের কথা উল্লেখ করে বলেন, দিলারা হাফিজ পেশায় শিক্ষক ছিলেন এবং মাউশির মহাপরিচালক পদ অলংকৃত করেছেন। এ সময় তিনি আরও উল্লেখ করেন, তারা দুজনই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্নেহধন্য ছিলেন।

জানাজা শেষে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতির পক্ষে জনবিভাগের সচিব, বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চীফ হুইপ মো. নূরুল ইসলাম ও অন্যান্য হুইপ এবং সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তারা। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

দ্বিতীয় জানাজা শেষে দিলারা হাফিজকে বনানী সামরিক কবরস্থানে সমাহিত করা হয়। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বিরোধী দলের সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভোলা-৩ আসনের আপামর জনসাধারণসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।