সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার কানজিয়ার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া (২৮) ও একই গ্রামের বিকসাস সাহার ছেলে নিয়া সাহা (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মুনতাছির হাসান।
স্থানীয়রা জানান, ভোরে মানিক মিয়া ও নিয়া সাহাসহ কয়েকজন জেলে কানজির হাওরে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে সকালে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়৷ হঠাৎ বজ্রপাত হলে মানিক মিয়া ও নিয়া সাহা ঘটনাস্থলেই মারা যান। পরে সঙ্গে থাকা লোকজন তাদের উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।










