ঝিনাইদহের মহেশপুর পৌরসভার বিভিন্ন সড়কে সৌরবিদ্যুচ্চালিত সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয় তিন বছর আগে। প্রকল্পের মেয়াদ শেষ হলেও প্রায় অর্ধেক সড়কবাতি এখনো স্থাপন হয়নি। অবশ্য তার আগেই পৌরসভার রাস্তার পাশে, হাটবাজার ও বিভিন্ন জায়গায় স্থাপন করা বাতির বেশির ভাগ নষ্ট হয়ে গেছে। সড়কবাতির খুঁটি দাঁড়িয়ে থাকলেও জ্বলে না আলো। চুরি হয়ে গেছে ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে কয়েক মাসের মধ্যেই বেশির ভাগ বাতি নষ্ট হয়ে গেছে। এখন পৌরসভার অধিকাংশ এলাকা ডুবে থাকে অন্ধকারে। বেড়েছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনাও।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে মহেশপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে ১৫০টি সড়কবাতি স্থাপনে ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার টাকা। এর মধ্যে বসানো হয়েছে মাত্র ৮১টি, যার প্রায় সবই এখন নষ্ট। এখনো ৭৯টি সড়কবাতি বসানো হয়নি।
পৌরসভার বাসিন্দা বসির আহমেদ বলেন, ‘রাস্তার দুই পাশে খুঁটি আছে, কিন্তু আলো নেই। সন্ধ্যার পর চলাচল করতে ভয় লাগে। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেলেও কর্তৃপক্ষ বিষয়টি আর দেখছে না। এটা দুঃখজনক।’
ভ্যানচালক হাবিবুর রহমান বলেন, ‘সবাই বলেছিল রাস্তায় বাতি বসানো হলে রাতে দুর্ঘটনা কমবে। কিন্তু বাতি নেই, অন্ধকারেই চলতে হয় আমাদের।’
এ বিষয়ে মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা বলেন, ‘সময়মতো যন্ত্রাংশ না পাওয়ায় কাজ স্থগিত ছিল। কাজের মেয়াদ বাড়ানো হয়েছে। নষ্ট হওয়া লাইটগুলো সচল করা হবে। যে বাতিগুলো এখনো স্থাপন করা হয়নি, দ্রুত সেগুলো স্থাপন করা হবে।’










