রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নিয়ে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বুধবার (১১ ডিসেম্বর) চিকিৎসার সর্বশেষ আপডেটে এ তথ্য জানিয়েছে তার জন্য গঠিত দেশী ও বিদেশী বিশেষজ্ঞদের সমন্বিত মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে সই করেছেন এভারকেয়ার হাসপাতালের অধ্যাপক ডা. শাহাবউদ্দিন তালুকদার।
বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় তাকে হাই ফ্লো নাসাল ক্যানোলা অ্যান্ড বিআইপিএপি মেশিনের (HIGH FLOW NASAL CANULA & BIPAP Machine) মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তার ফুসফুস ও অন্য অর্গানকে বিশ্রাম দিতে তাকে ইলেক্টিভ ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়।










