কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। বুধবার (১৯ জুন) এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়। খবর বাসস। 

বাংলা সাহিত্যে অবদানের জন্য অসীম সাহা একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছিলেন।

প্রতিমন্ত্রী প্রয়াত কবির আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা গত ২১ মে থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শনিবার (১৫ জুন) তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার (১৮ জুন) বেলা দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।