সারা বছর কাজের নিশ্চয়তা, বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণসহ ১১ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ নয়টি সংগঠন এ কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা, সাপ্তাহিক ছুটি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ পুনর্বাসন না করে নগরীর হকার উচ্ছেদের প্রতিবাদ জানান। বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন কুমার দত্ত, বরিশাল জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এ কে আজাদ, ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, শ্রমিক নেতা আবু সাঈদ ও আবুল হাসেম প্রমুখ।

বক্তারা বলেন, দোকান-নৌযান, প্রেস, ইমারত শ্রমিক, দিনমজুর, দর্জি ও বস্তিবাসীদের কাজ নেই। নিত্যপণ্যের দামও বাড়ছে। এ অবস্থার মধ্যে সারা বছর কাজের নিশ্চয়তা না থাকলে জীবনধারণ করা দায়। তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমিক-কর্মচারীদের চাকরির নিরাপত্তা ও সাপ্তাহিক ছুটি ঘোষণা করতে হবে। এছাড়া পুনর্বাসন না করে নগরী থেকে হকার উচ্ছেদ করা যাবে না। এ সময় বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র প্রদান ও ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।