রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) বিকাল ৫টার দিকে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরার ঘটনায় সবাই গভীর শোকাহত। এনসিপির কেন্দ্রীয় নেতারা খাগড়াছড়িতে পদযাত্রা শেষে ফেনীর কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছিলেন। এদিকে ফেনীতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী নেতাকর্মীরা সভাস্থলে পৌঁছালেও বর্তমান পরিস্থিতিতে তা আয়োজনের কোনো সুযোগ নেই।

এনসিপির নেতারা ঢাকার উদ্দেশে ফিরে যাচ্ছেন বলে জানান জোবায়ের। একই সঙ্গে আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় যে কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তাও স্থগিত করা হয়েছে।

প্রসঙ্গত, জুলাই মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এরই অংশ হিসেবে আজ ফেনীতে ও আগামীকাল নোয়াখালী ও লক্ষ্মীপুরে পদযাত্রার আয়োজন ছিল। এর আগে, দেশের আরো কয়েকটি জেলায় এই কর্মসূচি পালিত হয়েছে।