পিরোজপুরের নাজিরপুরে কোটি টাকার চোরাই সিরামিক কাঁচামালের ট্রাক ও মাইক্রোবাসসহ তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলার রাবেয়া ফিলিং স্টেশন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পিরোজপুরের কুমারখালী গ্রামের ছেলে মো. সাহেদ (৩৬), মো. আরমান (২২), ও পিরোজপুরের শারিকতলা ইউনিয়নের মাইক্রো ড্রাইভার সোহেল শেখ (৩০)।
স্থানীয় মিঠুন মজুমদার জানান, তেলের পাম্পের সামনে একটা প্রাইভেটকারের ভিতরে একজন লোককে গামছা দিয়ে চোখ-মুখ বাঁধা ও রাবেয়া ফিলিং স্টেশনের ভিতরে একটি মালবাহী লোড ট্রাক দেখতে পেয়ে নাজিরপুর থানায় খবর দেয়া হয়। পরবর্তীতে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ওই মাইক্রোবাসটিকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই মালবাহী ট্রাকের হেলপারকে ওই মাইক্রোবাসের ভিতরে গামছা দিয়ে মুখ বেঁধে রেখেছিল ছিনতাইকারীরা।
নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো, ইয়াসির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পটুয়াখালী থানার বাহাদুরপুর ইউনিয়নের বদরপুর গ্রামের মো. মোয়াজ্জেম মোল্লার ছেলে মানিককে (২০) (ট্রাকের হেলপার) উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিন অপহরণকারীকেও আটক করা হয়। তবে ট্রাক ড্রাইভারসহ আরো দু‘জন দৌড়ে পালিয়ে যায়। এ সময় (ঢাকা মেট্রো গ-১২-৫৩৬৯) একটি প্রাইভেটকার ও (ঢাকা মেট্রো ট-২০-৪৬৫১) একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকের ভেতরে ছিল সিরামিকয়ের তৈরির কাঁচামাল ছিল, যা সরকারের শুল্ক ফাঁকি দিয়ে ক্রয়-বিক্রয় করা হয়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার যুম্মা ব্রিজ থেকে ট্রাকটি লোড হয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ফরিদপুর বাইপাস থেকে ট্রাকটি গতিরোধ করে দুই ছিনকাইকারী। এ সময় তারা ট্রাকের হেলপারকে চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে নেন। অপর দুই ছিনতাইকারী ট্রাকে উঠে ড্রাইভারকে জিম্মি রেখে প্রাইভেট ফলো করে ট্রাক চালাতে বলে। পরে নাজিরপুরে রাবেয়া ফিলিং স্টেশনে এসে ট্রাক রেখে প্রাইভেটে থাকা ছিনতাইকারীরা চা খেতে নামলে ফিলিং স্টেশনের কর্মচারী মারুফ ও মিঠু প্রাইভেটে থাকা মুখ বাঁধা ট্রাকের হেলপারকে দেখে সন্দেহ হলে থানায় খবর দেন। পরে থানা পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করে এবং অপর দুই ছিনতাইকারী ট্রাক ড্রাইভারকে নিয়ে পালিয়ে যায়।










