কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের প্রত্যক্ষ মদদে স্বৈরশাসন ও মাফিয়াতন্ত্র কায়েম হয়েছে বলে অভিযো করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার ( ৪ আগস্ট) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে আটক নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।
মুরাদনগর থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগে করা মামলায় কুমিল্লা কারাগারে আছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন। আজ তার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করেন নাছির উদ্দীন। পরে তিনি কারাগারের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী (আবু), সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা (টিপু) প্রমুখ উপস্থিত ছিলেন।
নাছির উদ্দীন নাছির বলেন, ‘তিনি নির্দলীয় সরকারের উপদেষ্টার পদে থেকে নিজের নির্বাচনী এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এর ফলে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দমন-পীড়নের শিকার হচ্ছেন।’
উচ্চ আদালত থেকে নেয়া জামিনের মেয়াদ শেষে গত ২৭ জুলাই বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মী কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। তবে সেই আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই ১৩ জনের মধ্যে ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন। নাজিমকে কারাগারে পাঠানোর খবরে তার মা অসুস্থ হয়ে পড়েন। ৩১ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। রাতে প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরা অবস্থায় মায়ের জানাজায় অংশ নেন নাজিম।
কারাবন্দী নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মায়ের কবর জিয়ারত করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। এ সময় তিনি নাজিম মাহমুদের শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিলাম, মুরাদনগরের বর্তমান পরিস্থিতি তার সম্পূর্ণ বিপরীত। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমানে বিএনপি ও অঙ্গসংগঠনের ১৩ জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক বন্দি রয়েছেন।’ তিনি তাদের দ্রুত মুক্তি দাবি করেন।










