যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের
(জাবি) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মাহমুদুর
রহমান জনির অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের
কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বিশ্ববিদ্যালয়
সংসদ ছাত্র ইউনিয়ন ও বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা
অংশ নেয়।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সহকারী প্রক্টর
পদ থেকে অবিলম্বে মাহমুদুর রহমান জনির অপসারণ, তদন্ত কমিটি গঠন ও শিক্ষকতা থেকে বরখাস্তের
দাবি জানান।
মানববন্ধনে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক
জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, ‘একজন শিক্ষক নৈতিকতা শেখাবে সেখানে জনি শিক্ষার্থীদের
অনৈতিকতায় ধাবিত করেছে। একইসঙ্গে চাকরির প্রলোভনে একাধিক ছাত্রীকে নিপীড়ন করেছে।’
বিশ্ববিদ্যালয় সংসদ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক
সম্পাদক আলিফ মাহমুদ বলেন, ‘ছাত্রীদের প্রলুব্ধ করে জনি অনৈতিক সম্পর্ক ও যৌন নিপীড়ন
চালিয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি অনুসারে ২ এর ঘ, ৩ এর জ এবং ৪ এর ঘ মোতাবেক
নৈতিক অসচ্চরিতা ও অসদাচরণ সংগঠিত হয়েছে।’










