ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ)
সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাজার সিন্ডিকেট দমন করার কোনো বিকল্প নেই, আমরা চাই
ভোটের আগে মানুষ যেন হাসিমুখে ভোট দিতে আসে।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে
তিনি এই কথা বলেন। তিনি বলেন নিত্যপণ্যের বাজারে যে অস্থিরতা, বাজার সিন্ডিকেটের একটা
চক্রান্ত আছে। এটা আমরা সবাই স্বীকার করেছি। প্রধানমন্ত্রীও সিন্ডিকেটকে শক্ত হাতে
দমন করার পদক্ষেপ নিচ্ছেন।
ইনু বলেন, ভোট নিয়ে সংবিধানের বাইরে কোনো আলোচনা হবে না। ‘এই সরকারের
অধীনে ভোট করবে না, মরণ কামড় দেয়া হবে’ এসব হল বিএনপির ফাঁকা আওয়াজ। খালি কলসি বেশি
বাজের মতো অবস্থা বিএনপির।
বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, জনগণ ও তরুণ সমাজের প্রতি যদি এত
আস্থা থাকে তবে ভোটে এসে আমাদের হারিয়ে দিন। ভোট থেকে দূরে থেকে ফাঁকা আওয়াজ দেবেন
না।










