নড়াইলে নবগঙ্গা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্র আশিকুর রহমান আলিফের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। খুলনা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজের  ২৪ ঘণ্টা পর গতকাল দুপুরে তার মৃতদেহ উদ্ধার করে।

শুক্রবার দুপুরে নড়াগাতি থানার বড়দিয়া ফেরি ঘাটে এ নিখোঁজের ঘটনা ঘটে। অশিকুর রহমান কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালী গ্রামের আলাউদ্দিন মোল্যার ছেলে এবং বড়দিয়া বহুমুখী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

নড়াগাতি থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, অশিকুর রহমান তার বন্ধুদের সঙ্গে শুক্রবার দুপুরে বড়দিয়া ফেরিঘাটের পন্টুনের পাশে গোসল করার সময় নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে তার বন্ধু ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়।