ফেনীর ছাগলনাইয়ায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টার দিকে পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ার সাত মন্দির রোড এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতারপ্রবাসী ইকবাল হোসেনের ছেলে ফয়সাল ফারাবী (৯) এবং ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাইপ্রবাসী সামছুল হকের ছেলে সাখাওয়াত হোসেন (৮)। তারা পরিবারসহ সাত মন্দির রোড এলাকার শেখ ভবনে ভাড়া থাকতেন।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার উপপরিদর্শক সালাউদ্দিন রাশেদ জানান, খেলার সময় অসাবধানতাবশত তারা ভবনের খোলা সেপটিক ট্যাংকে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।