গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে দিল্লিতে বুধবার শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমের সঙ্গে কথা বলা নিয়ে প্রশ্নের জবাবে এ অভিমত দিয়েছেন শামা ওবায়েদ।
ভারতে বসে সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে উপস্থাপনের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে জবাবে শামা ওবায়েদ বলেন, ‘এ জঙ্গিবাদের তত্ত্বটা আওয়ামী লীগের পুরনো নোংরা রাজনীতি। এটাই তারা এখন বিদেশের মাটিতে বসে আবার নতুন করে করার চেষ্টা করছে। শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে যখনই কোনো ঘটনা ঘটেছে, তখনই উগ্রপন্থা ও সন্ত্রাসবাদের একটি বয়ান তৈরির চেষ্টা হয়েছে। অথচ একই সময়ে তাদের নিজেদের হাতে গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক উন্নত হোক—এটা দুই দেশের সরকার ও জনগণ উভয়ই চায়। কিন্তু স্বৈরাচারী, ফ্যাসিবাদী, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের লোকজন এবং আওয়ামী লীগের প্রধান যদি ভারতের মাটিতে বসে এ ধরনের ‘‘ষড়যন্ত্রমূলক কাজকর্ম’’ চালিয়ে যান এবং ভারত সরকার তা এখনই বন্ধ না করে, তাহলে সেটা বাংলাদেশের জনগণের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে।’










