মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের নুর ইসলাম নামের এক কৃষককে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার দুপুরে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার হিজুলী গ্রামের মোহাম্মদ হক (৫৩), মোহাম্মদ সোনা (৫০), সাগর (৩৫), আলফাজ ও হামিদুল। রায় ঘোষণার সময় মোহাম্মদ হক ও সাগর আদালতে উপস্থিত থাকলেও আলফাজ, হামিদুল ও মেহাম্মদ সোনা পলাতক রয়েছে।
মামলার বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১০ সালের ২০ মার্চ রাতে হিজুলী গ্রামের নুর ইসলামকে হত্যা করা হয়। ওই ঘটনায় নুর ইসলামের স্ত্রী সাকেলা খাতুন বাদি হয়ে ১১ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আদালত ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. আসাদুল আযম খোকন।










