বগুড়া শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে ৭ জন আটক হয়েছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা চেকিং করছে। কোথাও কোনো জটলা দেখলে পুলিশ সদস্যরা সেখানে জিজ্ঞাসাবাদ করছে।

সোমবার (২৯ জুলাই) বিকালে বগুড়া শহরের সাতমাথা এলাকা থেকে তল্লাশিকালে সন্দেহজনকভাবে ৭ জনকে আটক করা হয়। এ সময় সেনা সদস্যদের শহরের সাতমাথা এলাকার বিভিন্ন স্থানে টহল দিতে দেখা যায়। আটকের ঘটনায় পথচারীদের মাঝে আতঙ্ক বিরাজ করে।

জানা যায়, কোটা আন্দোলন নিয়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে সোমবার কিছু যুবক বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয়। এটি মুখে মুখে প্রচার হয়ে শহরে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় শহরে নিরাপত্তা বলয় বাড়িয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আটক ৭ জনকে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের জিম্মায় দেয়া হবে বলে পুলিশ জানিয়েছে। ৭ জনের মধ্যে এক কিশোরীর কাছে একটি ছোট ছুরি পাওয়া যায়।

এদিকে শহরে সন্ধ্যা পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের কোনো মিছিল দেখা যায়নি।

বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহিনুজ্জামান শাহীন জানান, যে কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তেমন কোনো ঘটনা না থাকলে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।