ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তিনি সদর উপজেলার ইউএনও খাইরুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ, প্রার্থীর সঙ্গে বৈঠক, অর্থ লেনদেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অভিযোগ তুলে তাকে অপসারণের দাবি জানান।
গতকাল সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের বৈঠক শেষে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। ছয় সদস্যের প্রতিনিধি দলে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অন্যরা উপস্থিত ছিলেন। বৈঠক নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
সভা শেষে এক ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, ‘প্রায় ১ ঘণ্টা ধরে প্রতিটি অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে খোলামেলা আলোচনা হয়েছে। একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের সঙ্গে যেভাবে কথা বলা উচিত, আমরা আন্তরিকতা, শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে সেভাবেই কথা বলার চেষ্টা করেছি। অভিযোগের পক্ষে প্রমাণ, ছবি এবং আহত ব্যক্তিদের ছবি জমা দিয়েছি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ছবিও দিয়েছি। কিন্তু আমরা খুব দুঃখিত। সরকারের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার কাছে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান কতটা অসহায় হতে পারে, তা আমাদের নয় দফা অভিযোগ ও তিনটি দাবি নিয়ে আলোচনার সময় অনুভব করেছি।’
তিনি আরো বলেন, ‘শনিবার আমরা জামায়াতের কেন্দ্রীয় একটি দল নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সেখানে গিয়েছিলাম। সরজমিনে পরিদর্শন করে, তথ্য-উপাত্ত সংগ্রহ করে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রোববার প্রধান নির্বাচন কমিশনারের কাছে সুনির্দিষ্ট অভিযোগ লিখিতভাবে পেশ করেছি। একই সঙ্গে তিনটি দাবি জানিয়েছি।’
এ সময়ে তিনি জানান, হামলা, ভয়ভীতি, সংখ্যালঘু ভোটার ও সরকারি চাকরিজীবীদের হুমকি দেয়া হচ্ছে। এছাড়া মসজিদে নির্বাচনী সভা, রঙিন প্রতীক ব্যবহার, নির্ধারিত সময়ের আগে মাইকিং এবং মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমেও আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে।’ ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের উদাহরণ টেনে তিনি নির্বাচন কমিশনকে একই ধরনের পরিস্থিতি এড়ানোর আহ্বান জানান।
২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ। জামায়াতে ইসলামীর প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর জামায়াতের সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং বিএনপির প্রার্থী বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।










