সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তের ভারতীয় ভূখণ্ডে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশী যুবক মো. জাকারিয়া আহমদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের পিনারসালা থানার পুলিশ জাকারিয়ার মরদেহ উদ্ধার করে। ২৩ বছর বয়সী জাকারিয়া সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছড়ারবাজার এলাকার লামাগ্রামের বাসিন্দা এবং মো. আলাউদ্দিনের ছেলে। চারদিন আগে তার বিয়ে হয়েছিল।

বিজিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি প্রাথমিকভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাকারিয়ার চাচা গিয়াস উদ্দিন উৎমা বিওপিতে এসে জানান, সকাল থেকে জাকারিয়া নিখোঁজ। পরে সীমান্ত পিলার ১২৫৮/২০-এস থেকে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখা যায়।

বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তের ভারতীয় অংশে মরদেহ থাকায় বাংলাদেশী কর্তৃপক্ষ সরাসরি যেতে পারেনি। পরে ভারতের পিনারসালা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ফেরত দিয়েছে।’