ভূমি ও গৃহহীনদের পুনর্বাসন, প্রকৃত ভূমিহীনদের ঘর বরাদ্দসহ বিভিন্ন দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ভুক্তভোগীরা। মঙ্গলবার (৮ জুলাই) রংপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংগঠনের প্রধান সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের নেতা আহসানুল আরেফিন তিতু, হাবলু মিয়া, ফরিদা বেগমসহ আরো বেশ কয়েকজন। তারা বলেন, রংপুরে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে একাধিকবার জেলা প্রশাসকের কাছে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। গত বছরের ৩০ ডিসেম্বর দাবিসংবলিত একটি স্মারকলিপিও দেয়া হয়েছিল। কিন্তু তাতেও প্রশাসন কোনো সাড়া দেয়নি।
বক্তারা জানান, যারা অন্যের জমিতে আশ্রয় নিয়ে বসবাস করছেন, তাদের অনেকেই উচ্ছেদের নোটিশ পেয়েছেন। কোথাও ৭ দিন, আবার কোথাও ১৫ দিনের সময় বেঁধে দেয়া হয়েছে। ফলে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানান তারা। একই সঙ্গে দ্রুত আবাসন প্রকল্পে প্রকৃত ভূমিহীনদের ঘর বরাদ্দ ও সরকারি খাসজমিতে অস্থায়ীভাবে থাকার অনুমতির প্রয়োজনীয়তা তুলে ধরেন বক্তারা।
তারা আরো বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভূমিহীন পরিবারগুলো মারাত্মক সংকটে পড়েছে। অনেকেই টিসিবির কার্ড পাননি। এ অবস্থায় বঞ্চিতদের দ্রুত টিসিবি কার্ড দেয়ার আহ্বান জানান তারা।
সমাবেশে বক্তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।










