জয়পুরহাটে মন্দিরের পুরনো প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ছোট যমুনা নদীর চকশ্যাম ঘাটে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। দীর্ঘ ২০ ঘণ্টার যৌথ অভিযানে শেষে গতকাল বেলা ১০টায় মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
মৃত শিক্ষার্থীরা হলেন জয়পুরহাট শহরের রেল কলোনি এলাকার সনজিৎ কুমার (২২) এবং তন্ময় রজক (১৬)। সনজিৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থী ও তন্ময় রজক জয়পুরহাটের কাশিয়াবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র বলে তাদের স্বজন জানিয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্বজনরা জানান, বুধবার বিকাল ৩টার দিকে জয়পুরহাট রেল কলোনির ১১ কিশোর ও তরুণ মন্দির থেকে পুরনো কালী প্রতিমা নিয়ে বিসর্জন দিতে চকশ্যাম শ্মশান ঘাটে নিয়ে যায়। প্রতিমা বিসর্জন শেষে
তার নদীতে স্নান করতে নামলে সনজিৎ ও তন্ময় ডুবে যায়। খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস থেকে আসা পাঁচ সদস্যের ডুবুরি দল বুধবার রাত ৮টা-২টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। ওই সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে না পেরে ডুবুরি দল অভিযান বন্ধ করে। পরে গতকাল সকাল ৬টা থেকে তৃতীয় দফায় ৪ ঘণ্টার অভিযানের পর সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।










