লালমনিরহাট রেলস্টেশনে আন্তঃনগর লালমনি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার ৩ ঘণ্টার বেশি সময় পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে সদর দপ্তর। লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গিয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার মো. নিজাম উদ্দিন জানান, সকাল ১০টা ২০ মিনিটে লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল ১০টা ১০ মিনিটে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে স্টেশনের ওয়াশপিট থেকে ট্রেনটি শান্টিং করে ১ নম্বর লাইনে নেয়ার সময় একটি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগিটি উদ্ধার করে বেলা ১টা ৩০ মিনিটে যাত্রীসহকারে ঢাকার উদ্দেশে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ছেড়ে যায় ট্রেনটি ।