চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল সকালে সদর উপজেলার সরোজগঞ্জ পেট্রল পাম্পের কাছে ও দুপুরে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মাহবুবুর রহমান কাজল জানান, গতকাল সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সদর উপজেলার সরোজগঞ্জ পেট্রল পাম্পের কাছে একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা চালক রাজনকে (২৬) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজন ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিমপাড়ার মরহুম সুলতানের ছেলে।
এছাড়া গতকাল দুপুরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭০) বাড়ির পাশে দোকানে চা পান করতে যাচ্ছিলেন। রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।










